২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মানববন্ধন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
গাজীপুর : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গাজীপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। গতকাল বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম।
রাজশাহী : প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ২১ আগস্ট নিহতদের স্মরণ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটি নেতাকর্মীরা। এরপর সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নড়াইল : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের রূপগঞ্জ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু স্কোয়াডের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে উপস্থিত সবাই।
জয়পুরহাট : ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় গ্রেনেড হামলার মামলায় দ-প্রাপ্তদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা।
মাদারীপুর : ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিকেলে আলোচনা সভা হয়েছে। মনববন্ধনে জেলা আওয়ামী লীগের পাশাপাশি কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এছাড়া বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলেজগেট অফিসে এক আলোচনা সভা হয়।
কুমিল্লা : ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর। গতকাল বিকেল ৪টার দিকে নগরীর টাউন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্টের ঘাতকরাই ২১ আগস্ট নারকীয়ভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। ১৫ আগস্ট ঘাতকদের হাত থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ঘাতকদের মূল লক্ষ্য।