বেড়ানোর স্মৃতি গুছিয়ে রাখতে

পরিবারের সবাই মিলে কোথাও বেড়াতে গেলে সেই স্মৃতিটুকু মনে রাখার দারুণ কিছু উপায় আছে। অনেক দিন পর এক দিন সেগুলো বের করে সবাই মিলে পুরনো স্মৃতি রোমন্থন করা যায়। চলুন জেনে নিই কীভাবে গুছিয়ে রাখা যায় ঘুরে বেড়ানোর স্মৃতি

নোটবুক : যেখানে গিয়েছেন সেই জায়গা সম্পর্কে, কোন কোন এলাকা ঘুরে দেখেছেন, কাদের সঙ্গে মিশেছেন, ব্যক্তিগত অভিজ্ঞতাÑ সবকিছু লিখে রাখতে পারেন নোটবুকে। তারিখ দিয়ে প্রতিদিন অল্প করে টুকে রাখলেও বেড়ানো শেষে কবে কোথায় গিয়েছিলেন সব লিপিবদ্ধ হয়ে থাকবে।

স্যুভেনিয়র : যেখানে গিয়ে যাই পাচ্ছেন যেমন ব্রেসলেট, এন্ট্রি টিকিট, রোডম্যাপÑ সবকিছুই জমিয়ে রাখুন। বাড়ি ফিরে যেগুলোকে রাখতে চান সেগুলো রেখে বাকি সব সরিয়ে ফেলুন। আগেই সরিয়ে ফেললে হয়তো জরুরি জিনিস বাদ পড়ে যেতে পারে।

অ্যালবাম : বেড়াতে গিয়ে শুরুতেই একটি অ্যালবাম বানিয়ে নিন। প্রতিদিনের কার্যাবলি যেমনÑ তারিখ, আবহাওয়া, তাপমাত্রা, সূর্যোদয়, প্রতিদিনের কাজ, ঘুরে বেড়ানো, নতুন মানুষের সঙ্গে পরিচয়, অভিজ্ঞতা ইত্যাদি তাতে লিখে রাখুন। বাড়ি ফিরে হয়তো তারিখ অনুযায়ী সব মনে নাও থাকতে পারে, তখন অ্যালবাম খুললেই সব মনে পড়বে।

স্ক্র্যাপবুক : বাড়ি ফিরে ঘুরে আসা জায়গা নিয়ে বানিয়ে ফেলুন স্ক্র্যাপবুক। নানা ধরনের ছবি, ব্রসিউর কাটিং, যেখানে গিয়েছেন সে জায়গার গাছের পাতা, ফুল শুকিয়ে লাগিয়ে ফেলুন স্ক্র্যাপবুকে। সব সময় নিজের সঙ্গেই থাকবে ঘুরে আসা জায়গার স্মৃতি।

রেসিপির বই : যে জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানকার স্থানীয় একটি রেসিপির বই নিয়ে আসুন। পরিবারের সবাই মিলে সপ্তাহে এক দিন ভিন্ন খাবার রান্না করতে পারেন। দারুণ কাটবে সময়।