সোনার দাম আরেকটু কমল

দাম বাড়ার নতুন নতুন রেকর্ড গড়ার ফের কমেছে সোনার দাম। ১২ আগস্টের পর গতকাল শুক্রবার আবারও ভরিপ্রতি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা, যা গতকাল দুপুর থেকেই কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব বাজারে দাম বাড়ায় গত তিন মাস ধরে দেশের বাজারে সোনার দাম বাড়তে থাকে। এক পর্যায়ে গত ৫ আগস্ট ২২  ক্যারটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ৭৭ হাজার ২১৬ টাকা। বাংলাদেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম ছিল। পরে ১২ আগস্ট ভরিপ্রতি সাড়ে ৩ হাজার টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছিল।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি পড়বে ৬৯ হাজার ১০০ টাকা। ১৮ ক্যারেট মানের সোনার ভরি ৬০ হাজার ৩৬১ টাকা, সনাতনী সোনার প্রতি ভরির নতুন দাম ৫০ হাজার ৪০ টাকা। রুপা বিক্রি হবে আগে দামেই৯৩৩ টাকা ভরি।