ছুটি কাটাতে গ্রিসের মাইকোনোস আইল্যান্ডে গিয়ে পুলিশের সঙ্গে ঝগড়ায় জড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের। এই ঘটনায় তারকা সেন্টার-ব্যাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রিসের সিরস প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পুলিশের সঙ্গে ওই মারামারির ঘটনায় শুক্রবার তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ম্যানইউ’র ম্যাগুয়ের রয়েছেন।
তবে এই ঘটনায় ম্যাগুয়েরের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি তার আইনজীবী কনস্তানতিনোস দারিভাস। শনিবার তিনি বলেন, কোনো ধরনের অভিযোগ গঠন ছাড়াই ইংলিশ এই ফুটবলারের মুক্তির ব্যাপারে পুরো আত্মবিশ্বাসী তিনি।
এদিকে ম্যানইউ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “মাইকোনোসে কথিত ঘটনাটিতে হ্যারি ম্যাগুয়েরের সম্পৃক্ততার ব্যাপারে ক্লাব অবগত আছে।”
“হ্যারির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে পুরোপুরিভাবে গ্রিক কর্তৃপক্ষকে সহযোগিতা করছে। এই মুহূর্তে আমরা আর কোনো মন্তব্য করতে চাই না।”
ম্যাগুয়ের বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। ২০১৯ সালের আগস্টে ৮ কোটি পাউন্ডে লেস্টার সিটি থেকে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিতে নাম লেখান ২৭ বছর বয়সী এই ফুটবলার।
গ্রিক পুলিশ এক বিবৃতিতে বলেছে, একটি বারের বাইরে দুটি দলের মধ্যে ঝগড়া ভেঙে দেওয়ার চেষ্টা করছিল পুলিশ অফিসাররা। কিন্তু তিনজন বিদেশি পুলিশ অফিসারদের বাজে ভাষায় গালিগালাজ করছিল। একজন পুলিশ সদস্যকে আক্রমণও করে তারা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন অর্থ দিয়ে বিচারের মুখোমুখি হওয়ার আগেই ব্যাপারটি সুরাহা করতে চেয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।