সহপাঠীকে ধর্ষণের মামলায় কলেজছাত্র গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে কলেজছাত্রী ধর্ষণের মামলায় যুবক অনুকুল চন্দ্র রায়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডোমার থানার পরিদর্শক (তদন্ত) বিশ^দেব রায়।

গ্রেপ্তার অনুকুল চন্দ্র রায় জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পূর্বগোলমুন্ডা গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।

মামলার বিবরণ থেকে পুলিশ জানায়, নীলফামারী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র অনুকুল চন্দ্র রায় প্রায় সাত বছর যাবৎ তার সহপাঠীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে, সে বিভিন্ন তালবাহানা করতে থাকে।

গত ২০ আগস্ট অনুকুল মেয়েটির বাড়িতে গেলে সে তাকে বিয়ের কথা বলে। কিন্তু অনুকুল বিয়ের বিষয়ে কর্ণপাত না করে মেয়েটিকে বাড়িতে একাকী পেয়ে আবার ধর্ষণ করে। এ অবস্থায় মেয়েটি এলাকাবাসীর সহযোগিতায় অনুকুলকে আটক করে শুক্রবার রাতে ডোমার থানায় লিখিত অভিযোগ দেয়। পুলিশ রাতেই অনুকুল চন্দ্র রায়কে থানায় নেয়।

ডোমার থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, মেয়েটির দায়ের করা মামলায় অনুকুল চন্দ্র রায়কে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সেই সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য কলেজছাত্রীকে ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।