সহযাত্রীর জন্য বিজনেস ক্লাসের সিট ছাড়লেন ধোনি

মাঠ কিংবা মাঠের বাইরে সবাইকে নানাভাবে চমকে দেন তিনি। মহেন্দ্র সিং ধোনি আরো একবার তেমন কিছুই করলেন। এবার আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় বিমানে নিজের সিট ছেড়ে দিলেন অন্যকে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ধোনি বসেছিলেন বিজনেস ক্লাসে। কিন্তু সেই সিট তিনি দিয়ে দেন ইকোনমি ক্লাসের একজন যাত্রীকে। কারণ, ওই যাত্রীর পা এতটাই লম্বা যে ইকোনমি ক্লাসে বসা কষ্টকর ছিল।

জর্জ নামের একজন যাত্রী এই ঘটনার কথা টুইটারে পোস্ট করেছেন। যাকে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যুক্ত কেউ বলেই মনে হচ্ছে। জর্জের এই টুইট চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট লাইকও করেছে।

টুইটে জর্জ লিখেছেন, “ক্রিকেট মাঠে এত কীর্তির নায়ক এসে বললেন, ‘তোমার পা বড্ড লম্বা, বিজনেস ক্লাসে আমার সিটে এসে বসো। আমি ইকোনমি ক্লাসে বসছি। অধিনায়ক আমাকে সব সময়ই চমকে দেয়।’’

পোস্ট করা ভিডিওতে অবশ্য এই ঘটনা দেখা যায়নি। তবে দেখা যাচ্ছে ধোনি ইকোনমি ক্লাসে বসেই সতীর্থদের সঙ্গে কথা বলছেন।