সাঁতরে খাল পার হতে গিয়ে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর দিনমজুরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চান্দুয়াইল গ্রাম সংলগ্ন জিয়া খালের উব্দাখালী নদীর অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত বকুল মিয়া (৩৫) উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত খোকনের ছেলে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম দেশ রূপান্তরকে বলেন, নিখোঁজের পর থেকে বকুল মিয়াকে উদ্ধারের চেষ্টা করা হয়। রবিবার সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
গত শুক্রবার রাত ১১টার দিকে দিনমজুর বকুল মিয়া কলমাকান্দা বাজার থেকে তার বাড়ি নয়ানগর গ্রামে যাওয়ার পথে চান্দুয়াইল গ্রাম সংলগ্ন জিয়া খালে সাঁতার কেটে পার হচ্ছিলেন। সাঁতরে পাড়ি দিতে গিয়ে খালের পানিতে তিনি তলিয়ে যান।
এ সময় সঙ্গে থাকা অন্যরা তার সন্ধান না পেয়ে আশপাশের লোকজনের সহায়তায় অনেক চেষ্টা করেও রাতে তার কোনো সন্ধান করতে পারেনি। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে কলমাকান্দা ফায়ার সার্ভিসের লোকজন ও থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে বকুলের সন্ধান না পেয়ে পরে দুপুর ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্তি করে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।