টাঙ্গাইলের মির্জাপুরে এবারের বন্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২৫টি কাঁচা-পাকা রাস্তা ও ১৫টি ব্রিজ-কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে অন্তত ৫০ কোটি টাকা। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ বছরের দীর্ঘস্থায়ী বন্যায় মির্জাপুর সদরের পুষ্টকামুরী এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) কিছু অংশসহ আভ্যন্তরীণ যোগাযোগের সব আঞ্চলিক ও জেলা সড়ক পানিতে নিমজ্জিত হয়।
পানির প্রবল স্রোতে অন্তত ২৫টি কাঁচা পাকা রাস্তার ১৪০ কিলোমিটারের বিভিন্ন অংশ ধসে ব্যাপক ক্ষতি হয়। একইসাথে বন্যার কারণে অন্তত ১৫টি ব্রিজ-কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু এলাকায় বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ার পর রাস্তায় অসংখ্য খানাখন্দক দেখা যায়। বিঘ্ন ঘটে জনযান চলাচলে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় থেকে প্রথম দফায় ২৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি দেখিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একটি প্রতিবেদন প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় দফায় স্থানীয়ভাবে আরেকটি ক্ষয়ক্ষতির হিসেব করা হয়েছে। যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ৫০ কোটি টাকা। বন্যার পানি পুরোটা সরে গেলে চূড়ান্ত হিসেব দেখানো যাবে বলে জানা গেছে।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, প্রথম দফা ক্ষয়ক্ষতির হিসেব অধিদপ্তরে প্রেরণের পর দ্বিতীয় দফা হিসেব করা হয়েছে। যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা। অচিরেই এই সম্ভাব্য ক্ষতির হিসেবটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করা হবে বলে তিনি বলেন।