ইরাকের তাজি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সেনাজোট বিদায় নিতে শুরু করেছে। রয়টার্স জানিয়েছে, রবিবার ঘাঁটির দায়িত্ব ইরাকি সেনাদের হাতে তুলে দেয় ট্রাম্প প্রশাসন।
গত কয়েক মাসে ২০ কিলোমিটার এলাকার এই ঘাঁটিতে ইরান-সমর্থিত বিদ্রোহীরা একাধিক হামলা চালিয়েছে। এর ভেতরই সরে যাওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
জোটের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাক সরকারের সঙ্গে দীর্ঘদিনের পরিকল্পনায় এই স্থানান্তর। প্রায় ২ হাজার সদস্যকে নিয়ে ঐতিহাসিক তাজি ক্যাম্প গঠন করা হয়েছিল, যাদের অধিকাংশ গ্রীষ্মে চলে গেছেন।’
রয়টার্স বলছে, এখনো যারা আছেন তারা কয়েক দিনের মধ্যে ক্যাম্প ছাড়বেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান, ইরাকে যে সৈন্যরা আছেন তাদের তিনি দেশে ফিরিয়ে নিত চান।
এর আগে চলতি বছরে ইরাকের সংসদে বিদেশি সেনা প্রত্যাহারের পক্ষে ভোট দেন অধিকাংশ এমপি। বাগদাদ বিমানবন্দরে ইরানি জেনারেল কাসেম সোলেইমানি যুক্তরাষ্ট্রের হামলায় মারা যাওয়ার পর ওই ভোট হয়।