করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ ও আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
রবিবার বাংলাদেশ আর্চারি ফেডারেশনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল কয়েক দিন হতে শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। ডাক্তারের পরামর্শক্রমে তিনি কভিড-১৯ টেস্ট করান। আজ সকালে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।’
দক্ষ এই ক্রীড়া সংগঠক নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন যদিও তেমন কোনো জটিলতা নেই। বাসাতেই আছি, সবার কাছে দোয়া চাইছি।’
এদিকে শনিবার দ্বিতীয় ধাপে আরো ৪ আর্চার টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়েছেন। তাদের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর আগে প্রথম ধাপে ৮ আর্চারসহ মোট ১৭ জনের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছিল।