করোনা বিরতি কাটিয়ে পুরোদমে অনুশীলন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে হচ্ছে রোমান সানাদের ‘আইসোলেশন ক্যাম্প’। ক্যাম্পে যোগ দেওয়ার পর প্রথমেই করোনা পরীক্ষা করানো হচ্ছে আর্চারদের। স্বস্তির খবর হচ্ছে, এখন পর্যন্ত ক্যাম্পে যোগ দেওয়া কারো আক্রান্তের খবর আসেনি।
শনিবার দ্বিতীয় ধাপে ৪ জন রিকার্ভ নারী আর্চার ক্যাম্পে যোগ দেন। এই চার আর্চার হলেন- ইতি খাতুন, বিউটি রায়, মনি রানী সরকার ও দিয়া সিদ্দিকী।
রবিবার ফেডারেশনের মেডিকেল কমিটির আহ্বায়ক ও নির্বাহী সদস্য ডা: মো. এহছানুল করিম এর তত্ত্বাবধানে স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে আর্চারদের নমুনা দেওয়া হয়। সবারই নেগেটিভ রিপোর্ট এসেছে।
এর আগে প্রথম ধাপে ৮ আর্চারসহ মোট ১৭ জনের পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছিল। নতুন করে যোগ দেওয়ারা সোমবার থেকে অনুশীলন শুরু করবেন।
তৃতীয় ধাপে ৩০ আগস্ট কম্পাউন্ড ডিভিশনের ৪ জন পুরুষ ও ২ জন মহিলাসহ মোট ৬ জন আর্চারের কভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনা দেওয়া হবে।