দুই কাভার্ড ভ্যানের মাঝে চ্যাপ্টা বৃদ্ধ-যুবক

ঢাকার ধামরাইয়ে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের দুটি কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কইট্টা বরুন্ডি গ্রামের নইমুদ্দিনের ছেলে সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন (৬৪) ও নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের মশিউর রহমান মোল্লার ছেলে সবজিবাহী পিকআপের চালক মফিদুল মোল্লা রাজু (৩০)। 

আহত সবজি ব্যবসায়ী আব্দুর রহমান জানান, মানিকগঞ্জের আটিগ্রাম থেকে সবজি বোঝাই করে পিকআপ নিয়ে বাইপাল আড়তে যাচ্ছিলেন হেলাল। পিকআপটি ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের দুটি কাভার্ড ভ্যানের মাঝখানে অবস্থান করছিল। হঠাৎ পেছনের কাভার্ড ভ্যানটি পিকআপটিকে ধাক্কা দিলে সামনের কাভার্ড ভ্যানের সঙ্গে চাপা খেয়ে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হেলাল। রাজুকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।