কাজী নজরুল ইসলামের বিখ্যাত ছোট গল্প ‘জিনের বাদশা’ নিয়ে অসংখ্য নাটক নির্মিত হয়েছে। অভিনয় করেছেন বিভিন্ন সময়ের বিখ্যাত তারকারা। এবার এ গল্পে নায়িকা হচ্ছেন রিয়্যালিটি শো থেকে খ্যাতি পাওয়া মিম মানতাসা।
জানা গেছে, করোনায় দীর্ঘ সময় ঘরবন্দি থাকার পর সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন লাক্স মিম। তবে টেলিফিল্মের নাম ‘জিনের বাদশা’ থাকছে না, রাখা হয়েছে পুরুষ চরিত্রে ‘আল্লারাখা’র নামে।
‘আল্লারাখা’ পরিচালনা করেছেন আনিসুজ্জামান আনিস। এর কাহিনি এমন— গ্রামের নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসীই চাষি মুসলমান। এই গ্রামের মাতব্বর গোছের চুন্নু ব্যাপারীর ছেলে আল্লারাখা ও মধ্যবিত্ত চাষি নারদ আলীর মেয়ে চান ভানু এই গল্পের নায়ক-নায়িকা। এতে আল্লারাখা চরিত্রটি রূপায়ণ করেছেন অ্যালেন শুভ্র। আর চান ভানু হয়েছেন মিম মানতাসা।
টেলিফিল্মের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। খুব শিগগির টেলিভিশনে প্রচার হবে ‘আল্লারাখা’।
এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নায়িকা হয়েছেন মিম। তার ইচ্ছা ছিল কাজী নজরুলের নায়িকা হওয়ার— সে ইচ্ছাও পূরণ হলো।