চৌদ্দগ্রামে ২১ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার রাতে ২১ হাজার ইয়াবাসহ আরিফ মোল্লা (২৬) ও শাকিল খাঁন (১৯) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১।

আটককৃত আরিফ মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাক্ষ্মণকান্দা গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে এবং শাকিল খাঁন একই উপজেলার হাটঘাটা গ্রামের মো. দুলাল খাঁনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকায় অবস্থিত হোটেল ফুড প্যালেস সংলগ্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে।

এ সময় সন্দেহ হলে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকাসহ দুই যুবককে আটক করে র‌্যাব। এ সময় কাভার্ডভ্যানটি আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে র‌্যাব জানায়, আসামিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।