চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পেরে ওঠেনি পিএসজি। নিজেদের ইতিহাসে প্রথমবার আসরের ফাইনাল খেলতে নেমেছিল ফরাসি দলটি। স্বপ্ন দেখছিল শিরোপার। কিন্তু ০-১ গোলে হেরে তাদের হৃদয় ভেঙেছে।
রবিবার রাতে লিসবনে অনুষ্ঠিত ম্যাচে হারের পর মাঠেই কেঁদেছেন নেইমার-এমবাপ্পেরা। দলের হার মেনে নিতে পারেননি সমর্থকরাও। পিএসজির হারের পর প্যারিসজুড়ে ভক্তদের বিক্ষোভ করতে দেখা গেছে।
শহরের বিভিন্ন জায়গায় ক্ষুব্ধ সমর্থকেরা আগুনও জ্বালিয়ে দেয়। রাস্তাঘাটে চালিয়েছে তাণ্ডব। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এই ঘটনার পুলিশ ১৫০ জনের মতো সমর্থককে গ্রেপ্তার করেছে বলে খবর।
পিএসজি তাদের হোম ভেন্যু পার্ক দেস প্রিন্সেসে ৫ হাজার ভক্তের জন্য দুটি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছিল। কিন্তু কিক অফের আগেই শত শত ভক্তের মাঝে হতাশা ছড়িয়ে পড়ে, তারা প্রিয় দলের খেলা দেখার সুযোগ পাচ্ছেন না বলে। পরে এর সঙ্গে যোগ হয় দলের হারের হতাশা।
এদিকে একসঙ্গে দলের খেলা দেখতে জড়ো হওয়া সমর্থকেরা স্বাস্থ্য বিধিও অমান্য করছিলেন। সবকিছু মিলেও পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের।
মৌসুম জুড়ে দুর্দান্ত খেলে চলা বায়ার্নকে হারাতে হলে অসাধারণ কিছু করতে হতো পিএসজিকে। সেই সামর্থ্য দলটির ছিলই। কারণ নেইমার-এমবাপ্পের মতো তারকা যে সেই দলে। পিএসজির দুই সেরা তারকা নিজেদের সেরাটা দিলেও স্বপ্নপূরণ করতে পারেননি। প্যারিসের ক্লাবটিতেই বেড়ে ওঠা বায়ার্ন উইঙ্গার কিংসলে কোমান গোল করে উৎসবে মাতিয়েছেন জার্মান ক্লাবকে। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে দলটি জিতেছে ষষ্ঠ শিরোপা।