আশুলিয়ায় কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার

আশুলিয়ায় একটি ভাড়া বাসার টয়লেট থেকে কেয়ারটেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোমবার সকালে আশুলিয়ার বেরণ এলাকার আব্দুল মজিদের ভাড়াবাড়ি থেকে ওই কেয়ারটেকারের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই কেয়ারটেকারের নাম মো. জামাল (৫২)। সে আশুলিয়ার বেরণ মানিকগঞ্জ পাড়া এলাকার আব্দুল মজিদের মালিকানাধীন টিনশেডের বাড়ির কেয়ারটেকার। তিনি ওই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান জামাল। পরে মধ্যরাতে কক্ষ থেকে বের হয়ে টয়লেটে গিয়ে আর ফেরেনি। সকালে পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তাকে না পেয়ে খোঁজ শুরু করেন। এ সময় টয়লেটের দরজা বাইরে থেকে বন্ধ দেখে অনেক ডাকাডাকির করেও কোন সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে টয়লেটের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় জামালের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল হক জানান, পারিবারিক কলহের জেরে জামাল নামের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের মরদেহটি ময়নাতদন্তর জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ  সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।