পানিবন্দী জীবনের অভিনব গায়েহলুদ

চারদিকে অথই পানি, বাড়ির উঠোনে পানি, ঘরের ভেতরে পানি। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে রবানাবাদ নদীর উচ্চ জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে গেছে জনপদের পর জনপদ।

পানিবন্দী এমন দুরবস্থার মধ্যে সম্পন্ন হলো উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রামে বর-কনের বিয়ের গায়েহলুদ।

স্থানীয় সূত্রে জানা যায়, লালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির গত ২৯ জুলাই বিয়ে করেন। তার শ্বশুরবাড়ি রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে। গত ২০ আগস্ট নববধূকে নিজ বাড়িতে তুলে আনা হয়। কিন্তু সামাজিক আচরণ গায়েহলুদে বাঁধা হয় পানিবন্দী জীবন। বর-কনের সম্মতিতেই ২২ আগস্ট দুপুরে জোয়ারের পানিতে কোমর সমান পানিতে তলিয়ে থাকা বাড়ির উঠোনেই সম্পন্ন হয় গায়েহলুদ।

চারদিক থই থই জোয়ারের পানিতে এমন অভিনব গায়েহলুদের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত। বর-কনেও এমন গায়েহলুদ নিয়ে ছিল উচ্ছ্বসিত। এ সময় আগত অতিথিরা গ্রামীণ গানের সঙ্গে অংশ নেয় গায়েহলুদের অনুষ্ঠানে।