অমাবস্যার জোয়ার এবং টানা বৃষ্টিতে পটুয়াখালীর দুমকিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত ১২৫টি মাছের ঘের, পুকুর, ডোবার মাছ ও পোনা ভেসে গেছে। এতে মাছচাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন।
উপজেলা মৎস্য বিভাগের তথ্যমতে, ১২৫টি পুকুর, ডোবা ও মাছের ঘের তলিয়ে গেছে। এসব পুকুর, ডোবা ও মাছের ঘেরের পাড় ও বাঁধ ধসে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে মাছচাষিদের।
উপজেলা মৎস্য বিভাগের সহকারী মাঠ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সাম্প্রতিক অমাবস্যার জোয়ার এবং সপ্তাহকালের টানা বর্ষণে পায়রা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাংগাশিয়া, আংগারিয়া, লেবুখালী ও মুরাদিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে চাষিদের পুকুর, ডোবা ও ঘেরের মাছ। সরেজমিন পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।
উপজেলা মৎস্য চাষি কল্যাণ সমিতির সভাপতি আমির হোসেন মৃধা বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকার মৎস্য চাষিদের পুকুর ও ঘেরের সব মাছ ভেসে গেছে। চাষিরা এখন চোখে সর্ষে ফুল দেখছে। তিনি আরও বলেন, সরকারি হিসেবে দেখানো ক্ষয়ক্ষতির পরিমাণের চেয়ে বাস্তবে ক্ষয়ক্ষতি আরও বেশি। ১২৫টি পুকুর ও ঘের দেখানো হলেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিগুণের বেশি হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, মাঠপর্যায়ে জরিপ রিপোর্টের ভিত্তিতে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।
তবে ওই রিপোর্টের বাইরে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে চাষকৃত পুকুর ও ডোবা তলিয়ে মাছ ভেসে গিয়ে ক্ষতি হয়েছে বলেও তিনি স্বীকার করেন।