মাতারবাড়ির বহির্নোঙরে ২ বিদেশি জাহাজের সংঘর্ষ

কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্রবন্দরের বহির্নোঙরে বৈরী আবহাওয়ায় নোঙর ছিঁড়ে গিয়ে দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দু’টির ব্যাপক ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।

সোমবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড এসব তথ্য জানায়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম. হায়াত ইবনে সিদ্দিক জানান, রবিবার সকালে বৈরী আবহাওয়ার কারণে মাতারবাড়ি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাল্টা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি আর্চাগিলস গ্যাব্রিয়েল জাহাজের দুটি নোঙরই ছিঁড়ে যায়। এ সময় জাহাজটি স্রোতের টানে অদূরে নোঙর করে থাকা  ‘ডেনসার প্যানথার’ জাহাজের সঙ্গে সংঘর্ষ ঘটে।

কোস্টগার্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পেয়ে ঘটনার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে ছুটে যায় জাহাজ দুটির ক্যাপ্টেন এবং ক্রুদের সার্বিক খোঁজ-খবর সংগ্রহ করে। দুর্ঘটনা কবলিত দু’টি জাহাজেরই ক্ষতি হয়েছে বলে জানায় কোস্টগার্ড।