রিয়া এবং মহেশ ভাটের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা

রিয়া এবং মহেশ ভাটের সম্পর্কটা ঠিক কী রকম? মহেশ কি রিয়ার গডফাদার, তারা কি ভালো বন্ধু? নাকি নেহাতই সন্তানস্নেহে রিয়াকে দেখেন মহেশ? তাদের সম্পর্ক নিয়ে বললেন শত্রুঘ্ন সিনহা।

গত দু’মাস ধরে যাবতীয় রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রিয়া চক্রবর্তী। তাকে নিয়ে প্রতিদিনই একের পর এক ‘খবরে’ তোলপাড় মিডিয়া। এরই মধ্যে ‘টক অব দ্য টাউন’ রিয়া এবং পরিচালক মহেশ ভাটের মধ্যেকার সম্পর্ক। কখনো রিয়ার কাঁধে মহেশের মাথা রাখা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে, আবার কখনো বা ফাঁস হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে তাদের ব্যক্তিগত কথোপকথন।

তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে নেটাগরিকদের কৌতূহলের বিরাম নেই। আর নেটাগরিকদের মতোই তাদের সম্পর্ক নিয়ে কৌতূহলী শত্রুঘ্নও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবাই জানতে চায় মহেশ ভাট কি রিয়ার কাছে ‘ফাদার ফিগার’, ‘গডফাদার’, নাকি তাদের সম্পর্ক আরও বেশি কিছু?

তার কী মনে হয়? এ প্রশ্নের উত্তরে অভিনেতার বক্তব্য, রিয়াকে কোনো দিনই সামনাসামনি দেখেননি তিনি। এমনকি, মহেশ ভাটের সঙ্গেও বছর পাঁচেক দেখা হয়নি তার। তাই এ বিষয়ে বিশেষ কিছু বলতে না পারলেও তিনি এই সম্পর্ক নিয়ে জানতে চান। পাশাপাশি, সিবিআইয়ের সামনে যাতে সমস্ত তথ্যপ্রমাণ পেশ করা হয় তা-ও দাবি করেছেন শত্রুঘ্ন।

সুশান্ত কাণ্ডে প্রথম থেকেই মেয়ে সোনাক্ষীর একেবারে উল্টো পথে হাঁটছেন শত্রুঘ্ন। সোশ্যাল মিডিয়ায় স্টারকিড হওয়ার জন্য মেয়ে যখন ট্রোলড হয়ে নেটাগরিকদের উপর প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন, বাবা তখন প্রকাশ্যে করন জোহরের চ্যাট শো নিয়ে অভিযোগের বন্যা বইয়ে দিচ্ছেন সাক্ষাৎকারে। এখানেই শেষ নয়। সোনাক্ষী যখন কঙ্গনার একের পর এক আক্রমণাত্মক টুইট নিয়ে কঙ্গনাকে দুষছেন, তখন শত্রুঘ্ন কঙ্গনার সাহসিকতার প্রশংসায় ফেটে পড়ছেন।

একটি মৃত্যু নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া ও গোটা দেশ, তখন সিনহা পরিবারেরও কি গৃহযুদ্ধ বাঁধল?