পুলিশ কর্মকর্তা পরিচয়ে র‌্যাব কার্যালয়ে প্রবেশের অভিযোগে নারী আটক

পুলিশ কর্মকর্তা পরিচয়ে র‌্যাব কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। গত সোমবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। রাতেই ওই নারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার নাম কনিকা খানম (৪০)। বাড়ি ফতুল্লার দেলপাড়া এলাকায়।

জানা যায়, সোমবার সকাল ৯টায় র‌্যাব-১১ কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে কনিকা খানম নিজেকে র‌্যাব সদর দপ্তরের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় প্রধান ফটকে কর্তব্যরত র‌্যাব সদস্যরা তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি তাদের সঙ্গে বাজে আচরণ করেন। এরপর অবৈধভাবে প্রবেশ করেন। র‌্যাব-১১ কার্যালয়ে ফের তার পরিচয় জানতে চাওয়া হলে কনিকা খানম ইতঃস্তত বোধ করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, র‌্যাব কার্যালয়ে মিথ্যা পরিচয় দিয়ে কনিকা নামে এক নারী প্রবেশ করেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে। ওই নারীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।