এক ঝলকে

‘মীরাক্কেল’ থেকে বাদ শ্রীলেখা!

শুরু থেকেই ভারতের জি বাংলা টেলিভিশনের জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’র বিচারকের আসনে দেখা গেছে কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। তবে নতুন সিজনে শো থেকে বাদ পড়লেন তিনি। এ খবর জানিয়েছেন শ্রীলেখা নিজেই। কী কারণে জনপ্রিয় এই কমেডি শো থেকে বাদ পড়লেন শ্রীলেখা? এ নিয়ে কোনো কিছুই বলেননি তিনি। তবে  সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে। এভাবেই বোধহয় সত্যি কথা বলার দাম চোকাতে হলো! এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে শ্রীলেখা বলেন, গত ১০ বছর ধরে ‘মীরাক্কেল’র বিচারকের আসনে ছিলাম। খুব খারাপ লাগল যে, টিমের কেউই আমাকে জানালেন না বিষয়টা। আমি আন অফিশিয়ালি লোকমুখে শুনলাম। কষ্ট হচ্ছে। এই কমেডি শো নিশ্চয় চলবে, কিন্তু আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।’ মীরের সঞ্চালনা ও শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘মীরাক্কেল’ টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো। বাংলাদেশেও রয়েছে এর বিপুল জনপ্রিয়তা।

ট্রাম্পকে নিয়ে শাকিরার প্রশ্ন

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার সংগীতশিল্পী শাকিরা বহু বছর আগেই বিশ্ব জয় করেছেন। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’য় শাকিরার মোহনীয় কণ্ঠ আর কোমরের দোলায় নেচে উঠেছিল পুরো বিশ্ব। দুনিয়া মাতানো এই শিল্পী এবার এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের মানুষকে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেজন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক টুইটে তিনি ভোট নিবন্ধন করার একটি লিঙ্ক টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি নন। দয়া ও সহানুভূতির জয়ের এখনই সময়। আশা করছি সব বয়সের লোকেরা সঠিক নেতৃত্ব বেছে নিতে তাদের দায়িত্ব পালন করবেন।’ সেই টুইটে আরেক বার্তায় তিনি লিখেছেন, ‘ভোট নিবন্ধন করুন। মাস্ক পরে ভোটকেন্দ্রে যান অথবা ব্যালট পেপার সংগ্রহ করুন এবং আমরা যে দয়া ও সহানুভূতি চাই তার পক্ষে উদাহরণ তৈরি করুন।’ তার এই টুইট বেশ সাড়া ফেলেছে।

আমেরিকার ভোটাররা ৩ নভেম্বর নির্ধারণ করবেন ডোনাল্ড ট্রাম্পকে তারা আরও চার বছরের জন্য হোয়াইট হাউজে দেখতে চান কি-না। নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাবেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন, যিনি বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেক বেশি পরিচিত।