ভিক্ষুকের বেশে এসে ধর্ষণের চেষ্টা করেছিলেন এক আমেরিকান নারীকে। কিন্তু ওই নারীর মার্শাল আর্টের প্যাঁচে পড়ে উল্টো ধরা খান ওই ব্যক্তি। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে। ৩০ বছরের ওই মার্কিন নারী ভারতে এসেছিলেন মার্চে। রামানা আশ্রম দেখে আমেরিকা ফিরে যাওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে তিনি আটকে পড়েন। ভিসার মেয়াদ বাড়িয়ে মার্চ থেকেই তিরুভান্নামালাইয়ে একটি ঘর ভাড়া করে থাকছিলেন তিনি।
রবিবার ওই মহিলা যখন বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তখন অভিযুক্ত ব্যক্তি এসে তার কাছে ভিক্ষা চায়। ভিক্ষা আনতে তিনি ঘরে ঢুকতেই ভিক্ষুকও ঢুকে পড়ে তার উপর চড়াও হয়। তাকে ধর্ষণের চেষ্টা করতে তিনিও বাধা দেন। তার মার্শাল আর্টের সামনে কাবু হয়ে পড়েন অভিযুক্ত।
সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন তিনি। তার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মণিকন্দন। সে রাসিপুরম এলাকার বাসিন্দা। এক পুলিশ অফিসার জানিয়েছেন, ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে ভিক্ষা করেন। ছ’মাস আগে সে বিহার, উত্তরপ্রদেশ ঘুরে তিরুভান্নামালাইয়ে এসেছিলেন। তার পর থেকে সেখানেই রয়েছে। তার বিরুদ্ধে আগে কোনও মামলা রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার।