পাওনা টাকা নিয়ে বিরোধে নির্মাণশ্রমিক খুন

হবিগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক নির্মাণশ্রমিক খুন হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় সুমন মিয়া (১৮) নামে স্থানীয় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, নিহত জাহাঙ্গীর ও অভিযুক্ত সুমন একই এলাকার বাসিন্দা। তারা দুজনই নির্মাণশ্রমিক। পাওনা টাকা নিয়ে বেশ কদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাত করে সুমন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।