ছাত্রলীগ নেতার কবজি বিচ্ছিন্ন: ২ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় কোন্দল ও পূর্বশত্রুতার জের ধরে শুভ শীল (২০) নামের এক ছাত্রলীগ নেতার ডান হাতের কবজি কেটে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামিসহ দুই ছাত্রলীগ কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ঢাকার গুলশান এলাকার একটি বাসা থেকে প্রধান আসামি সাকিল আহম্মেদ সাদি (২৫) ও মামলার তিন নম্বর আসামি তানভীর মল্লিককে (২৩) গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। এর আগে ওই নৃশংস ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মী রাব্বি হোসেন ও মৃদুল গয়ালিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাত সাড়ে আটটার দিকে শহরের  হাসপাতাল সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় ওই ছাত্রলীগ নেতা এ নৃশংস হামলার শিকার হন। পুলিশ ঘটনাস্থলে সড়কে পড়ে থাকা ওই যুবকের ডান হাতের বিচ্ছিন্ন কবজি উদ্ধার করেছে। শুভ শীল সংকটজনক অবস্থায় বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এ নৃশংস হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা বাদী হয়ে ১৮ জন নাম ও ১০/১২ জন অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. ম মাসুদুজ্জামান বলেন, ছাত্রলীগ নেতার কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে চার দিনের রিমান্ড আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।