কুষ্টিয়ায় তরুণের মৃত্যুদন্ড, খুলনায় ৫ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর থানার এক গৃহবধূ হত্যা মামলার রায়ে প্রতিবেশী তরুণকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত পলাতক আসামি হলেন দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত ছাগরত আলী মোল্লার ছেলে মো. কলম মোল্লা (৩০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে পারুল খাতুনকে (২৮) তার নিজ বাড়ির সামনে রাস্তার ওপর পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী কলম মোল্লা হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেন।

অন্যদিকে, খুলনায় গোলাম মোস্তফা মোল্লা হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ-ের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন আপন চার ভাই আবুল কালাম ওরফে একে মোল্লা, মোতালেব মোল্লা, শওকত মোল্লা, লিয়াকত মোল্লা ও সাদ্দাম। এ ছাড়া রায়ের অন্যান্য ধারায় মাহবুব শেখ, আসাদুল মৃধা ও তরিকুল শেখকে ৩ বছর ও ৫ হাজার টাকা অর্থদন্ড এবং সুরুজ শেখকে ২ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর খুলনার তেরখাদা উপজেলার নয়া বারাসাত গ্রামের গোলাম মোস্তফা মোল্লাকে কুপিয়ে আহত করেন আসামিরা। পরে ৩১ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।