লিওনেল মেসি বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন, তিনি ন্যু ক্যাম্প ছাড়তে চান। তবে বার্সেলোনা এখনো বিশ্বাস করে না যে, মেসির চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
বুধবার ক্লাবটির নতুন স্পোর্টিং ডিরেক্টর রোমান প্লানেস বলেছেন, ‘বার্সেলোনা মেসির চলে যাওয়ার কথা ভাবছে না। আমরা তাকে ধরে রাখতে চাই।’
মঙ্গলবার ক্লাবকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মেসি। তার নতুন ঠিকানা কোথায় হবে এটি জানতেই এখন উদ্গ্রীব সবাই। তবে প্লানেস বলেছেন, মেসিকে নিয়েই সামনের পরিকল্পনা সাজাচ্ছে তারা।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ খবর (মেসির চলে যাওয়া)। কিন্তু আমরা মনে করি এবং কোচ, সভাপতি ও আমি-আমরা সবাই সবসময় বলেছি, বার্সেলোনার বিনির্মাণে মেসিই ভবিষ্যৎ। বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়েই আমরা আরেকটি জয়ী দল সাজাতে চাই।’
সব আলোচনা-গুঞ্জনের অবসান হবে জানিয়ে প্লানেস বলেন, ‘যা কিছু হচ্ছে, এর সবকিছুর উপসংহার দেখতে হবে। আমাদের ভাবনা হচ্ছে বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে একটি জয়ী দল নির্মাণের পরিকল্পনা তৈরি করতে হবে।’
বার্সায় মেসির ভবিষ্যৎ নিয়ে বোর্ডের পরিচালনা পর্ষদেও কোনো বিভেদ নেই বলে দাবি করেন প্লানেস।