রেলওয়ে চেকার ইঞ্জিনের ধাক্কায় ৩ সিএনজি যাত্রী আহত

আখাউড়া-সিলেট রেলপথে একটি চেকার ইঞ্জিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে পড়ে এক নারীসহ ৩ যাত্রী আহত হয়েছেন।

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন ফটকবিহীন খোলা রেলক্রসিংয়ে বুধবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন ফটকবিহীন একটি লেভেল ক্রসিংয়ে সন্ধ্যা ৬টায় একটি যাত্রীবাহী অটোরিকশা পার হচ্ছিলেন। সেসময় রেলপথের একটি চেকার লাইটার ইঞ্জিন এসে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে দেয়।

এতে এক নারীসহ ৩ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়নপুর গ্রামের সুরেন্দ্র পালের ছেলে সঞ্জিত পাল (৫৫), রাজকান্দী গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী নাসিমা আক্তার (৩৫) ও সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মো. আলীর ছেলে মো. খলিল (৩৪)।

আহতদের প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শুকতারা এনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মাঝে সঞ্জিত পালের অবস্থা আশঙ্কাজনক। তার গলার কিছুটা স্থান কেটে গেছে। বাকি দুজনের হাত-পা, কোমরে আঘাত লেগেছে।