ব্যাটিংয়ের টেকনিকে আরও দক্ষ হওয়ার চেষ্টায় আফিফ

ব্যাটিংয়ের টেকনিক কীভাবে আরও ভালো করা যায়, লকডাউনের সময়ে সেসব ভেবেছেন অলরাউন্ডার আফিফ হোসেন। অনলাইনে কথা বলেছেন সাবেক ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জির সঙ্গে। এখন অনুশীলনে ফিরে সেসব নিয়ে কাজ করছেন।

 ‘আমাদের যে ব্যাটিং কোচ ছিলেন নিল ম্যাকেঞ্জি, তার সঙ্গে অনলাইনে আলোচনার মাধ্যমে ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি,’ বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে আফিফ জানালেন, ‘ওগুলোই আপাতত করার চেষ্টায় আছি। আয়ত্ত করতে পারলে হয়তো আরও ভালো করতে পারব।’

লকডাউনের দিনগুলোর কথা স্মরণ করে তরুণ এই ক্রিকেটার বলেন, ‘লম্বা সময় খেলা বন্ধ ছিল। সময়টা কঠিন গেছে। কোচিং স্টাফ, ট্রেনাররা যে সূচি তৈরি করে দিয়েছিলেন তা অনুসরণের চেষ্টা করেছি। এ ছাড়া অনলাইনে যেসব সভা হয়েছে সেগুলো অনেক বুস্টআপ করেছে আমাদের।’

গেল ১৯ জুলাই মিরপুর ও দেশের বিভিন্ন ভেন্যুতে জাতীয় দলের খেলোয়াড়দের একক অনুশীলন শুরু হয়। আফিফ অবশ্য যোগ দিয়েছেন সম্প্রতি। এখন তাকিয়ে সামনের দিকে।

‘সামনে খেলা শুরু হচ্ছে এটা অবশ্যই ভালো দিক। ম্যাচগুলোতে যেন ভালো করতে পারি সে আশাই রাখব। আর আপাতত সে অনুযায়ী অনুশীলন করছি।’