বাসে চালকের সহকারীর গলাকাটা লাশ

রাজশাহী মহানগরীতে একটি ফাঁকা বাসে চালকের সহকারীর গলাকাটা লাশ পাওয়া গেছে। এছাড়া, চুয়াডাঙ্গার দামুড়হুদায় বালুর গর্ত থেকে নিখোঁজ কিশোরের, টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে তরুণের এবং গাজীপুরের কাশিমপুর থানা এলাকা থেকে মোবাইল চুরির অভিযোগে মারধরের শিকার পোশাককর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

রাজশাহী : মহানগরীতে একটি ফাঁকা বাসে হেলপারের গলাকাটা লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাসে লাশ থাকার খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তির নাম মনি (২২)। নগরীর হাজরাপুকুর ডাবতলা এলাকায় তার বাড়ি। বাবার নাম দিলীপ দাস। মনি বাসের হেলপার ছিলেন। বাসটির নাম ‘আরপি চ্যালেঞ্জার’। কয়েক দিন ধরে বাসটি নগরীর খানকা শরীফের মোড় এলাকার একটি গ্যারাজে ছিল।

নগরীর শাহমখদুম থানার এসআই আমিনুল ইসলাম জানান, চারদিন আগে বাসটি এখানে রাখা হয়। এরপর প্রতি রাতে হেলপার মনি বাসে এসে থাকতেন, ধারণা করা হচ্ছে, তাকে বুধবার রাতে গলাকেটে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা : দামুড়হুদায় নিখোঁজের পরদিন আবুল বাসার নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদার খাঁপাড়ার বালির গর্ত  থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল বাসার (১২) দামুড়হুদার খাঁপাড়ার আবদুল  মোমিনের ছেলে।

মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের জের ধরে সুলাইমান  হোসেন (২১) নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ ওঠেছে। গত বুধবার রাতে মহেড়া ইউনিয়নের ভাতকুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুলাইমানের বাবার নাম গর্জন মিয়া, বাড়ি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে। পুলিশ সুলাইমানের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

গাজীপুর : মোবাইল চুরির অভিযোগে মারধরের শিকার এক পোশাক কর্মীর ঝুলন্ত লাশ গতকাল বৃহষ্পতিবার বিকালে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- মুকুল মিয়া (২৫)। তিনি জামালপুর জেলা সদরের তারাভিটা এলাকার নুর ইসলামের ছেলে।

নিহতের বাবা নুর ইসলাম অভিযোগ করেন, মোবাইল চুরির মিথ্যা অপবাদে তার ছেলে মুকুলকে মারধর করে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।