অনলাইনে পণ্য কেনাকাটার প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেড এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসব ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।
মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের কেন্দ্রীয় সংস্থা হলো বিএফআইইউ। সংস্থাটি গতকাল দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে ইভ্যালির চেয়ারম্যান ও এমডির জাতীয় পরিচয়পত্রসহ চিঠি পাঠিয়েছে। এতে ইভ্যালি এবং এর চেয়ারম্যান ও এমডির নামে পরিচালিত হিসাব খোলার ফরম, আপনার গ্রাহককে জানুন (কেওয়াইসি) ফরম এবং হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী জানতে চেয়েছে বিএফআইইউ।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে পাঠানো চিঠিতে বিএফআইইউ আরও বলেছে, হিসাবগুলোতে ৫০ লাখ টাকা ও তার চেয়ে বেশি পরিমাণ টাকার জমা ও উত্তোলন সম্পর্কিত সব তথ্য যেমনজমা ভাউচার, পে-অর্ডার, চেক এবং টাকার প্রেরক ও প্রাপকের হিসাবের তথ্য দাখিল করতে হবে। এ ছাড়া জমাকারী ও উত্তোলনকারী ব্যক্তির ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। আর বিএফআইইউতে এসব তথ্য জমা দেওয়ার জন্য ৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।
অস্বাভাবিক ক্যাশ ব্যাক অফারের কথা বলে অর্থ নিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে ইভ্যালির বিরুদ্ধে। লেনদেন নিয়ে অভিযোগ ওঠার পর সম্প্রতি গণমাধ্যমে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গত মঙ্গলবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং ইভ্যালিকে আলাদা চিঠি দিয়ে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত চেয়েছে। এ জন্য তাদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ও গত বুধবার ইভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে।