পূজামণ্ডপের জমির ধান ‘বিষ দিয়ে’ নষ্ট করার অভিযোগ

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় এলাকার কৈপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই বিঘা জমির রোপা আমন ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে।

এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন জমি দেখাশোনা করার দায়িত্বে থাকা ভবেশ চন্দ্র বিশ্বাস (৫০)।

অভিযোগ থেকে জানা গেছে, নিত্যানন্দ ঠাকুরের নামীয় তফসিলভুক্ত রেকর্ডীয় জমিতে দীর্ঘদিন ধরে পূজা করে আসছেন ভবেশ চন্দ্র বিশ্বাস। নিত্যানন্দ ঠাকুরের পূজার যাবতীয় খরচ ওই জমির ফসল থেকেই বহন করা হয়।

পূর্ব শত্রুতার জেরে একই এলাকার দিজেন চন্দ্র সরকার (৪৮) ও তার ছেলে কাত্তিক চন্দ্র সরকার (২০) মিলে গত ২৩ আগস্ট রাত ১২টার দিকে ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে। ফলে ধান ক্ষেতের সব ধান গাছ মরে যেতে থাকে।

নিত্যানন্দ ঠাকুরের পূজাকারী ও মাড়েয়া ভবেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে নিত্যানন্দ ঠাকুরের নামীয় তফসিলভুক্ত রেকর্ডীয় জমি দেখাশোনা করে আসছি। পূজামণ্ডপের এই জমির ফসল দিয়েই দীর্ঘদিন ধরে পূজার যাবতীয় খরচ বহন করা হয়ে থাকে।’

তিনি বলেন, ‘কিন্তু পূর্ব শত্রুতার কারণে দিজেন চন্দ্র সরকার ও তার ছেলে কাত্তিক চন্দ্র সরকার মিলে মণ্ডপের এই জমিতে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে মেরে ফেলে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

ভবেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘এর আগেও একই লোক ওই জমি নিজের দাবি করে আধাপাকা ধান ক্ষেতে অতিরিক্ত সার প্রয়োগ করে ধান ক্ষেত নষ্ট করে দিয়েছিল। এ ঘটনায় আমি নিজেই বাদী হয়ে খানসামা থানায় একটি অভিযোগ দায়ের করি।’

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন বলেন, ‘এ রকম একটি অভিযোগ থানায় এসেছে। ইতোমধ্যে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মাঠে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। তদন্তপূর্বক অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’