মহেশ মঞ্জরেকরকে হুমকি দেওয়ার অভিযোগে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। বলিউডের এ চিত্র পরিচালক ও অভিনেতার কাছে গ্যাংস্টার পরিচয় দিয়ে ৩৫ কোটি রুপি দাবি করা হয়।
মুম্বাইয়ের অপরাধ দমন শাখার এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মহারাষ্ট্রের রত্নগিরি জেলার খেড় থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মিলিন্দ তুলশঙ্করকে।
নিজেকে আবু সালেমের শাগরেদ পরিচয় দিয়ে সম্প্রতি মহেশকে মেসেজ করে ৩৫ কোটি রুপি দাবি করে তুলশঙ্কর। টাকা না-দিলে বড় ক্ষতি হবে বলে হুমকিও দেওয়া হয়।
বুধবার মহেশ দাদর থানায় অভিযোগ জানিয়েছিলেন। তার পরই ময়দানে নামে মুম্বাই পুলিশ। যে ফোন নম্বর থেকে পরিচালককে হুমকি দেওয়া হয়েছিল, সেই নম্বরটি খতিয়ে দেখে অবস্থান চিহ্নিত করা হয়।
সেই সূত্রেই শুক্রবার খেড়ের শাখরোলি গ্রামের অভিযান চালিয়ে তুলশঙ্করকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে জেরার জন্য মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, তুলশঙ্কর জেরায় দোষ স্বীকার করেছে। জানিয়েছে, লকডাউনের জেরে ধারাভিতে তার চায়ের দোকানটি বন্ধ ছিল। রোজগার ছিল না। তাই গ্রামে ফিরে যায় সে। ইউটিউবে আবু সালেমের ভিডিও দেখেই মহেশকে হুমকি দিয়ে টাকা আদায়ের ছক কষে ওই সময়।
২০১৪ সালে এমএনএস-এর টিকিটে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মহেশ। সেই সূত্রেই তার ফোন নম্বর নথিভুক্ত করেছিল একটি ওয়েবসাইট। সেখান থেকেই নম্বর জোগাড় করে ফোন দেয় তুলশঙ্কর।
এ দিকে মুম্বাইয়ের আদালতে তোলা হলে ২ সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।