আইসোলেশন শেষে কোহলিদের দলীয় প্রস্তুতি শুরু

সাত দিনের সেলফ আইসোলেশন পর্ব কাটিয়ে সতীর্থদের সঙ্গে ফের একত্রিত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। দেখা করলেন দলের কোচ সাইমন কাটিচ এবং ডিরেক্টর মাইক হেসনের সঙ্গেও। আরসিবি’র পোস্ট করা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

করোনা ভাইরাসের আবহে আইপিএলে অংশ নিতে গত ২১ আগস্ট দুবাই পৌঁছান বেঙ্গালুরুর ক্রিকেটাররা। স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনে এরপরের সাত দিন হোটেলের ঘরেই বন্দী থাকতে হয় বিরাট কোহলিদের। ঘরে বসে ভার্চুয়াল টিম মিটিংও সেরে নেন মাইক হেসনরা।

ইতিমধ্যে বিরাটদের সেলফ আইসোলেশন পর্ব মিটে গিয়েছে। তিনবার কভিড-১৯ টেস্টও করে ফেলেছেন যুজবেন্দ্র চাহালরা। ফলে এবার এক জায়গায় মিলিত হতে ক্রিকেটারদের আর কোনো সমস্যা নেই।

বৃহস্পতিবারই শেষ হয় বিরাট কোহলিদের সেলফ আইসোলেশন পর্ব। ওই দিন বিকেলে হোটেলের লনে মিলিত হন আরসিবি ক্রিকেটার, কোচ সাইমন কাটিচ ও ডিরেক্টর মাইক হেসন। তাদের মধ্যে হালকা ছলে কথাও হয়। আলাদা করে কথা হয় কোচ, ডিরেক্টর ও অধিনায়ক কোহলির। এরপর ক্রিকেটাররা হোটেলের মধ্যে ইন্ডোর গেম এবং ফুটবলে মেতে ওঠেন।