পুনর্মিলনের আমন্ত্রণে মেসিকে নেইমারের ফোন

পিএসজি তারকা নেইমার বৃহস্পতিবার ফোন করেছিলন বার্সেলোনা ছাড়ার পরিকল্পনায় থাকা লিওনেল মেসিকে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আবার দুজনে একসঙ্গে এক ক্লাবে খেলতে পারেন কি না সে বিষয়ে আলাপ করেছেন ব্রাজিলের মহাতারকা।

প্রতিবেদনে বলা হয়েছে, মেসির ওপর নজর রাখছে পিএসজি। তার সঙ্গে আলোচনা করতে সাবেক সতীর্থ নেইমারকে কাজে লাগাচ্ছে দলটি।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যান নেইমার। মাঝে তিনি আবার বার্সায় ফিরতে চেয়েছিলেন বলে খবর চাউর হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে।

নেইমারের পাশাপাশি মেসির ঘনিষ্ঠ বন্ধু ডি মারিয়াও তার সঙ্গে কথা বলেছেন।

বার্সায় ২০ বছরের ক্যারিয়ারে রেকর্ড ৬৩৪টি গোল করা মেসির ক্লাব ছাড়া অত সহজ হবে না। বার্সা তার জন্য ৭০০ মিলিয়ন ইউরো চাইছে! কিন্তু নামকরা ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট বলছে, ৩৩ বছর বয়সী এই মহাতারকার বাজারমূল্য এখন ১১২ মিলিয়ন ইউরো। দুই বছর আগে রোনালদো তুরিনে যে অর্থে বিক্রি হয়েছিলেন, এটি প্রায় তার সমান।

বার্সার দাবি, মেসির এখন ফ্রি ট্রান্সফারের সুযোগ নেই। তাই যে ক্লাব তাকে চাইবে, চড়ামূল্য দিয়েই নিতে হবে।

ক্রীড়া আইনজীবীদের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, মেসি এই মুহূর্তে জোর করে ক্লাব ছাড়লে ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন।

ওদিকে স্পেনের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেসি সামনের সোমবার ক্লাবের অনুশীলনে যোগ দেবেন। তবে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন না।