বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬)। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, তুলাশন গ্রামে সোয়া দুই একর জায়গায় বিরোধপূর্ণ একটি পুকুরে মাছ চাষ করেন একই গ্রামের শাহিন আলম। পুকুরের মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানিতে কাঁটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন। গতকাল শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে তারা পুকুরপাড়ে ছিটকে পড়ে যায়। দুই শিশুকে ছিটকে পড়তে দেখে মোফাজ্জল হোসেন কারণ অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে দুজনই সেখানে মারা যান। ঘটনার পর পুকুরের মালিক শাহিন আলম বাড়িতে তালা দিয়ে সপরিবারে পালিয়ে যান।
ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানার এসআই আবদুর রহিম জানান, শাহিন আলম ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।