কাপ্তাই উপজেলা

চুরির মামলায় দন্ডপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বরখাস্ত

গাছ চুরির মামলায় তিন বছরের কারাদণ্ড হওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিনকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে উল্লেখ করা হয়, বন বিভাগের প্রায় ৩০ লাখ টাকার বনজ সম্পদ আত্মসাতের একটি মামলায় জেল খেটেছেন নাছির। এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দন্ডপ্রাপ্ত একজন আসামি ভাইস চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বিঘিœত হওয়ার সম্ভাবনা থাকে, যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর এবং জনস্বার্থের পরিপন্থী।

উল্লেখ্য, বন বিভাগের একটি মামলায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি নাসির উদ্দিনকে গত ২৮ জানুয়ারি তিন বছরের সশ্রম কারাদ- দেয় আদালত। একই সঙ্গে ৩০ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।