কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ১৫ দিন পর ফেরত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গত ১৫ দিন আগে ভারত ভূ-খণ্ডের মধ্যে গুলিতে নিহত আবুল কাশেমের (৩৫) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

শুক্রবার বিকেল ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের লাশ ফেরত দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।

উপজেলার চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত-বাংলাদেশ নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং। এ সময় জলঙ্গী থানা-পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি নিশিকান্ত।

পরে নিহতের পরিবারের পক্ষে ছোট ভাই মিঠু লাশ বুঝে নেন। নিহত আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত সংলগ্ন ভারত ভূ-খণ্ডে অনুপ্রবেশ করলে স্থানীয় জলঙ্গী থানাধীন ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় টহলরত বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।