সিলেটে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার সকালে চৌঘরী এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, সিলেট থেকে বড়লেখাগামী  বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের পরিচয় এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ সময় আরও দুইজন আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।