মাদারীপুরে ইটভাটার ব্রিজ ভেঙে শ্রমিকের মৃত্যু

ইটভাটায় নিজস্ব পাতানো ব্রিজ ভেঙে ইট ভাঙার মেশিনের নিচে পড়ে পানিতে ডুবে সজল ব্যাপারী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া হাজরাপুর ব্রিজের পাশে মেসার্স ইদ্রিস মোল্লা ব্রিকস-২ নামের ইটভাটায় মাঝে ছোট শাখা খালের উপর নিজস্ব পাতানো ব্রিজে ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজল ব্যাপারী মাদারীপুর পৌরসভার মধ্য খাগদী এলাকার ইনছু ব্যাপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার কয়েক জনের সঙ্গে ইদ্রিস মোল্লার ব্রিকস-২তে ইট ভাঙার কাজে আসেন সজল। তবে ইট ভাটার মাঝে একটি ছোট শাখা খাল রয়েছে যেখান ওপর পাশে ইটভাটার ইটভাঙার কাজ করা হয়।

অন্য পাশ থেকে এ পাশে আসার সময় ব্রিকসের পাতানো ব্রিজ ভেঙে ইটভাঙার মেশিনের নিচে পানিতে ডুবে যায়। এতে অন্য শ্রমিকেরা আহত অবস্থায় ৪ জন উঠতে পারলেও ঘটনাস্থলে মৃত্যু হয় সজল নামের শ্রমিকের।

এতে সজলের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সজলের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

মোল্লা ব্রিকস ইদ্রিস মোল্লা ফোনে বলেন, আমি ওই ব্রিজ ভ্যান নেওয়ার জন্য বানানো হয়েছে। এই দায় কেমনে আমার হয়। তাদের তো আমরা ওই ব্রিজ দিয়ে ইটভাঙা মেশিন নিতে বলা হয় নাই।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা বলেন, আমরা শুনেছি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।