সন্ত্রাসী হামলায় রায়নার ফুপা খুন, সংকটাপন্ন ফুপু

চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার সুরেশ রায়নার ফুপা ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় খুন হয়েছেন। একই ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তার ফুপু। আরব আমিরাতের আইপিএল ছেড়ে রায়নার ভারতে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টা পর এই খবর শোনা গেল।

ভারতীয় গণমাধ্যমে প্রথমে বলা হয়, রায়না পারিবারিক করণে আইপিএল খেলছেন না। সেই পারিবারিক কারণটা কী তা নিয়ে এতক্ষণ আলোচনা চলছিল।

ভারতীয় গণমাধ্যম জাগরণ জানিয়েছে, পাঠানকোটের থারিয়াল গ্রামে রায়নার বাবার বোনের বাড়িতে (পিসি/ফুপু) গত ১৯ আগস্ট মধ্যরাতে ওই হামলা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রায়নার ফুপা ৫৮ বছর বয়সী অশোক কুমার হাসপাতালে মারা গেছেন। ফুপু আশা দেবীর অবস্থা গুরুতর।

ভারতের সদ্য সাবেক ক্রিকেটারের দুই ফুপাতো ভাই কুশাল কুমার (৩২) এবং অপিন কুমারও (২৪) এই হামলায় আহত হয়েছেন।

এর আগে রায়নার ফ্র্যাঞ্চাইজি সিইও কাশী বিশ্বনাথন টুইটে বলেন, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরেছেন এবং গোটা আইপিএল মৌসুমেই তাকে পাওয়া যাবে না। চেন্নাই সুপার কিংস সুরেশ রায়না এবং তার পরিবারের পাশে রয়েছে।’