বরগুনার আমতলীতে কুয়াকাটা-বরিশাল সড়কে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার নামের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় বাসের ১০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কুয়াকাটা-বরিশাল সড়কের ছুরিকাটা নামক এলাকায় সৈকত ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলের বাড়ি কলাপাড়া উপজেলার চ¤পাপুর ইউনিয়নের কানাই মৃধা গ্রামে। তার বাবার নাম মো. মোতালেব চৌকিদার।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক খলিলুর রহমান সৈকত ফিলিং স্টেশন থেকে গাড়িতে পেট্রল ভরে সড়কে উঠছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইউনা ক্ল্যাসিক বাসটির (ঢাকা মোট্রো-ব-১৫-০৩৫৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির নিচে পড়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নারিকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের সামনের অংশ ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খলিলুর রহমান চৌকিদার (৪০) নিহত।
এ ছাড়া বাসের ১০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত আমির হোসেন জমাদার, মিরাজ মুনশি, জুয়েল মিয়া, আকলিমা বেগম, মাকসুদা আক্তার, শিশু নাকিব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন খন্দকার গুরুতর আহত আমিন উদ্দিন জমাদার, মিরাজ মুনশি ও জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতদের আমতলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে আমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই বাস গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে যায়। পুলিশ বাসটি আটক করে। পুলিশ মোটরসাইকেল চালক খলিলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন খন্দকার বলেন, মোটরসাইকেল চালক খলিলুর রহমান হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল চালক খলিলুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। বাসটি আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।