শিক্ষামন্ত্রীর নামে ফেইসবুকে অপপ্রচারে জিডি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ তুলে বগুড়া সদর থানায় জিডি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়া রুমেল জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, শিক্ষমন্ত্রী দীপু মনির নামে মিলি সুলতানা ও জায়মা রহমান নামের ফেইসবুক আইডি থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে; যা একজন সাধারণ নাগারিক হিসেবে তাকে মর্মাহত করেছে। এটি একটি দণ্ডনীয় অপরাধ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম জিডি গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।