সাঁথিয়ায় চাঁদা না পেয়ে মারধর

ছাত্রলীগ নেতা আটক

সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান ও ওই কাজের ঠিকাদারের কর্মচারীকে মারপিট করে চাঁদা দাবির অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে সাঁথিয়া থেকে তাকে আটক করা হয়।

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ করছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের কাছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ বিভিন্নভাবে সরকারি উন্নয়ন কাজে বাধা দিচ্ছিল। তার চাহিদা পূরণ না করায় শনিবার বিকেলে প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে মারপিট করেন। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকে আটক করে। ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রল্লাদ কুমার বলেন, সাঁথিয়ায় কাজ শুরুর পর থেকেই সানা মাঝে মাঝেই চাঁদা দাবি করে। তার দাবি পূরণ না করায় এর আগে কাজে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ভিডিও পোস্ট দেয়। এর আগেও সে জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়েছে। শনিবার সে প্রকাশ্যে আমাকে পিটিয়েছে। এ ব্যাপারে এম এম বির্ল্ডাস কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।