দিনাজপুরের হাকিমপুরের মুহাড়াপড়া থেকে শুরু করে বৈগ্রাম পর্যন্ত সড়কের রাস্তা সংস্কারের চলমান কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পিচ কম দেওয়া, ঠিকভাবে লেভেলিং না করা, ভাঙা স্থান মেরামত না করেই কাজ করাসহ অনেক অভিযোগ তাদের। কেউ কেউ রাস্তার কাজ খারাপ হচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্টও করেছেন।
তবে নির্মাণকারী প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর দাবি, কাজ সঠিকভাবে হচ্ছে!
হাকিমপুর উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, হাকিমপুরের চ-িপুর, মুহাড়াপড়া থেকে শুরু করে বৈগ্রাম পর্যন্ত ১৭৮০ মিটার সড়কের রিপেয়ারিংয়ের কাজ চলমান। যার ব্যয় ধরা হয়েছে ৩৬ লাখ টাকা। দিনাজপুরের মোজাফফর কনস্ট্রাকশন ফার্ম এর নির্মাণকাজ করছে।
হাকিমপুরের বৈগ্রাম এলাকার সাজ্জাদ, রফিকুল, সেলিম বলেন, রাস্তা নির্মাণে যে রকম পিচ দেওয়ার কথা সে রকম হচ্ছে না। পিচ দিচ্ছে সামান্য, নয়ছয় অবস্থায় রাস্তার কাজ হচ্ছে। যেভাবে কাজ হচ্ছে তাতে করে এই রাস্তা বেশিদিন টেকসই হবে না। এই রাস্তা দিয়ে যত গাড়ি ঢোকে তাতে করে ছয় মাস যাবে কি না সন্দেহ রয়েছে, তার আগেই নষ্ট হয়ে যাবে রাস্তা। আর তারা কাজ করার পরও অনেক জায়গায় উঁচু-নিচু রয়েছে। এসব জায়গায় সবসময় পানি জমে খুব দ্রুত রাস্তা নষ্ট হয়ে যাবে। গ্রামবাসী তাদের বললেও কর্ণপাত করছে না। সড়কের অনেক স্থানে ভাঙাচুরা ছিল, বিশেষ করে একটি ব্রিজের পাশে ভেঙে গিয়েছিল। আমরা গ্রামবাসী মাটি দিয়ে কোনোরকমে রেখেছিলাম। সেই জায়গাও তারা কোনো সংস্কার না করেই তার ওপর দিয়ে ঢালাই দিয়ে যাচ্ছে। এমনকি রাস্তার পাশে যে ইট দেওয়ার কথা সেটিও অনেক স্থানে দেওয়া হয়নি। এখন যে কাজ হচ্ছে তাতে করে আগের রাস্তাই ভালো ছিল বলে মন্তব্য করেন তারা।
ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাফফর কনস্ট্রাকশন ফার্মের ম্যানেজার জনি জানান, এস্টিমেট অনুযায়ী যেভাবে কাজ করা দরকার আমরা ঠিক সেভাবেই কাজ করছি। এটি দেখার জন্য প্রতিনিয়ত ইঞ্জিনিয়ার অফিসের লোক রয়েছেন।
হাকিমপুর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাদীক বলেন, সড়কের কাজ শিডিউল মোতাবেক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে করে নেওয়া হচ্ছে। এখানে কোনো অনিয়ম হচ্ছে না।