দাদি হবেন ৩৩ বছরের অদিতি
রাজপরিবার থেকে বলিউডের রাস্তায় পথচলা অল্প কিছু তারকার একজন অদিতি রাও হায়দারি। এই অভিনেত্রী এবার দেখা দেবেন কাশভি নাইর পরিচালিত ১৯৪৭ সালের প্রেক্ষাপটে নির্মিত একটি সিনেমায়। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় অদিতির বিপরীতে দেখা যাবে জন আব্রাহামকে। যদিও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অর্জুন কাপুর ও রাকুল প্রীত সিং। সিনেমার গল্পে অদিতি আর জন মূলত অর্জুন কাপুরের দাদি আর দাদা। ছবিতে দেশভাগ অদিতি আর জনের সম্পর্কে কী প্রভাব পড়ে, তা দেখানো হবে। দেখানো হবে সেই প্রভাব কীভাবে যুগের পর যুগ টিকে থাকে। আর প্রজন্মের পর প্রজন্ম সম্পর্ককে প্রভাবিত করতে থাকে। আর উঠে আসবে ইতিহাসের কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই ছবিতে অদিতি আর জনের ফার্স্টলুক। ভক্তরা সেই ছবি দেখে দারুণ উচ্ছ্বসিত। অদিতি নাকি গল্প শুনেই ‘হ্যাঁ’ করেছেন প্রযোজককে। বলেছেন, ‘ছবিতে আমি আর জন সেই সময়ের জুটি, যে সময়টা আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অস্থির সময়। আমি সেই সময়ের একজন না হয়েও সেই সময়ের সাক্ষী হতে পারব, এমন সুযোগ বারবার আসে না। আমার চরিত্রটিও বেশ জোরালো। না করার কোনো কারণ নেই।’
ক্যারিয়ার শুরুর আগে মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেছিলেন অভিনয়শিল্পী সত্যদ্বীপ মিশ্রকে। ২০১৩ সালে বিয়ের মতোই গোপনে, নীরবে আলাদা হন এই জুটি। তবে বিচ্ছেদের পরও ভালো বন্ধু তারা। তাই আপাতত অদিতির রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গেল’।
মুখ থুবড়ে পড়ল ‘সড়ক ২’
মুখ থুবড়ে পড়েছে মহেশ ভাট পরিচালিত এবং তার দুই মেয়ে আলিয়া ভাট ও পূজা ভাট অভিনীত সিনেমা ‘সড়ক ২’। দর্শক-সমালোচক সবার কাছ থেকেই একের পর এক বাজে রেটিং পেয়ে রীতিমতো ইতিহাসের সবচেয়ে খারাপ হিসেবে রেকর্ড গড়েছে সিনেমাটি। ইন্টারনেট মুভি ডাটাবেস-এ সিনেমাটি রেকর্ড সর্বনিম্ন নম্বর পেয়েছে। দশের মধ্যে মাত্র ১.১। অথচ এখানেই সুশান্ত সিং রাজপুতের সবশেষ সিনেমা ‘দিল বেচারা’ গড়েছিল বিশ্বরেকর্ড। অনন্য নজির গড়ে সিনেমাটি আইএমডিবি’র রেটিং পেয়েছিল ১০/১০। ইন্ডিয়ান এক্সপ্রেস ‘সড়ক ২’র রিভিউতে শিরোনাম করেছে, ‘অ্যা টেরিবল ফিল্ম’। আর রেটিং দিয়েছে পাঁচের মধ্যে ১ তারকা। মিড-ডে দিয়েছে ১.৫ তারকা। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ ‘সড়ক ২’কে দিয়েছেন মাত্র ১ তারকা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি সিনেমা ‘কোড নেম : কে.ও.জেড’ ১.৩ রেটিং পেয়ে মহেশ ভাটের সিনেমার ঠিক ওপরে আছে। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বাজে সিনেমা। এবার সে তকমা পেল মহেশ ভাটের ‘সড়ক ২’।