নাটোরের সিংড়ার সাবেক সংসদ সদস্য ইয়াকুব আলীর ছেলে আশিক ইকবালকে (৪৬) হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রামের রনবাঘা বাজারে তার ওপর হামলা হয়। গুরুতর আহত আশিক বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আশিকের ওপর হামলায় জড়িত অভিযোগে সিংড়ার ১নং সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলীসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে আসামি করে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। সাবেক এমপি ইয়াকুব আলীর ছোট ছেলে ইফতেখার আলম মামলাটির বাদী। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৬ আগস্ট সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক এক স্মরণসভার আয়োজন করেন। সেই স্মরণসভায় সাবেক এমপির ছেলে আশিক ইকবালের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেয়। ওই কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলীসহ তার নেতাকর্মীদের সঙ্গে আশিকের বিরোধ দেখা দেয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় রনবাঘা মাছ বাজারে আশিকের ওপর হামলা চালায় হাসমত আলীসহ তার অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় আশিককে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং হাত-পায়ে আঘাত করা হয়।
মামলার বাদী ইফতেখার আলম জানান, তার বড় ভাই আশিক ইকবালের অবস্থা আশঙ্কাজনক।
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শওকত কবির গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আশিকের অবস্থা গুরুতর হওয়ায় সার্জিক্যাল বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের বিভিন্ন পরীক্ষা করতে দেওয়া হয়েছে।’
নন্দীগ্রাম থানার এসআই আবদুর রহিম দেশ রূপান্তরকে বলেন, ‘আশিকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হামলায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।’