মাগুরায় সংঘবদ্ধ ফেইসবুক হ্যাকিং ও বিকাশ প্রতারক গ্রুপের ১০ সদস্যকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
তাদেরকে শনিবার রাতে মাগুরা শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৯টি ডেস্কটপ কম্পিউটার, ১০টি মোবাইল সেট, ৭টি হার্ডডিস্ক ও ১টি ইন্টারনেট মডেম।
আটকরা হলেন- শ্রীপুরের চরচৌগাছি গ্রামের চাদ আলী শেখের ছেলে প্রতারক চক্রের দলনেতা মোহিদুল ইসলামকে (২০,) জাহিদুল ইসলাম (১৮), আকিদুল শেখের ছেলে সবুজ শেখ (১৬), আজিজ শেখের ছেলে মিজানুর রহমান (১৮), ফজলে বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস (২৫), আতিয়ার বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (১৬), আখিল উদ্দিনের ছেলে জয় মাহমুদ (২২), মাগুরা সদরের কারিনগর কছুন্দি গ্রামের বকুল মোল্ল্যার ছেলে শান্ত মোল্ল্যা (১৬), রাজবাড়ী জেলার কালুখালীর বিল সুন্দরপুর গ্রামের রব মোল্ল্যার ছেলে সজিব হোসেন (১৮) ও বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়ার মোকছেদ আলী মন্ডলের ছেলে আলমগীর হোসেনকে (১৮) আটক করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, একটি সংঘবদ্ধ হ্যাকিং চক্র মাগুরার শ্রীপুরের চরচৌগাছী এলাকায় দীর্ঘদিন ধরে একটি কক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির ফেইসবুক একাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে এই চক্রের দলনেতা মহিদুল এবং রাজবাড়ি জেলা থেকে আগত ২ সদস্যসহ মোট ১০ জনকে আটক করে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৯টি ডেস্কটপ কম্পিউটার, ১০টি মোবাইল সেট, ৭টি হার্ডডিস্ক ও ১টি ইন্টারনেট মডেম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।