ইতালী প্রবাসীর সঙ্গে ফেসবুকে পরিচয়, হোটেলে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ

ইতালী প্রবাসী এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক  গড়ে ওঠে এক শিক্ষার্থীর। পরে তাকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ফেসবুকে পরিচয়ের সূত্রে দীর্ঘদিন ইতালী প্রবাসী বায়েজিদের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় ভুক্তভোগী শিক্ষার্থীর। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা চেষ্টা করেছে ওই শিক্ষার্থী ।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ভূঁইয়া ইন আবাসিক হোটেলে। এই ঘটনায় হোটেল ম্যানেজারসহ ধর্ষণের সহযোগী ৪ জনকে আটক করেছে মাদারীপুর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইতালী প্রবাসী বায়েজিদ বিদেশে থাকা অবস্থায় ফেসবুকে দীর্ঘদিন প্রেমের পর সহযোগীদের নিয়ে মাদারীপুর শহরের ভূঁইয়া ইন আবাসিক হোটেলে সকাল থেকে দুপুর পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর বিয়ে করতে না চাওয়ায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই শিক্ষার্থী।

অভিযুক্ত বায়েজিদ মাতুব্বর শিবচর উপজেলা নিলখী এলাকার আক্কাস মাতুব্বরের ছেলে। ধর্ষণের শিকার শিক্ষার্থীর বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। অভিযুক্ত বায়েজিদের  বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এই ঘটনায় ভূঁইয়া ইন হোটেলের ম্যানেজারসহ ৪ সহযোগীকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিক্ষার্থী মাদারীপুর সদর হাসপাতালে চিৎকিসাধীন রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা প্রাথমিকভাবে হোটেল ম্যানেজারসহ ৪ জনকে আটক করেছি এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।