কুমিল্লা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজশাহীতে আসা আসবাবপত্রের ভেতর থেকে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানা মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কার্যালয়ে এ অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
কুরিয়ার সার্ভিসে বুকিং এর সময় এসব মালামালের রেফারেন্স হিসেবে কুমিল্লা সিটি করপোরেশন মেয়রের নাম উল্লেখ করা হয়েছিল।
আটকরা হলেন- রাজশাহীর পবা উপজেলার দুয়ারী গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে দুলাল (৩০), তানোরের দেউরাতলা গ্রামের ফজর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (২৪), একই উপজেলার সেদায়ের এলাকার মৃত আফসার আলীর ছেলে বাদশা (৩২), সিধাইড় গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে সোহান আলী (২১), ব্রাহ্মণবাড়িয়ার কসবার থানার বেলতলি এলাকার সুলতান আহমেদের ছেলে মুকতুল হোসেন (৩২) এবং একই থানার মাদলা এলাকার আবদুর রহিমের ছেলে বাপ্পি (৩০)। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
র্যাব জানায়, গত ২৮ আগস্ট কুমিল্লায় কিছু আসবাবপত্র বুকিং দেয়া হয়। রাজশাহীর হুমায়ুন কবীর নামে এক ব্যক্তির জন্য মুকতুল হোসেন সেগুলো বুকিং করেন। সোমবার সকালে ছয়জন মালামাল নিতে এলে তারা একে একে র্যাবের হাতে আটক হন।
এ সময় র্যাব একটি খাটের বক্সের ভেতর লুকানো ১৮টি প্যাকেটে ৫১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসব আসবাবপত্র বুকিংয়ের সময় রেফারেন্স হিসেবে ‘মেয়র, কুমিল্লা সিটি করপোরেশন’ লেখা হয়েছিল।